চট্টগ্রাম বন্দরে রাসায়নিক বোঝাই একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গরমের কারণে অতিরিক্ত তাপমাত্রা থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে বন্দর কর্মকর্তারা ধারণা করছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বন্দরের অপারেশনাল কার্যক্রমের কোনো সমস্যা হয়নি। গতকাল শনিবার সকালে বন্দরে ৪ নম্বর গেইটে ৮ নম্বর ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, কনটেইনারটিতে অ্যাকোয়ারিয়ামে দেওয়ার জন্য আমদানি করা অক্সিজেন সাপ্লিমেন্ট সোডিয়াম পার কার্বনেট ট্যাবলেট ছিল। এগুলো রাসায়নিক। তবে দাহ্য কি না, নিশ্চিত হতে পারিনি। অতিরিক্ত গরমে অক্সিজেন সাপ্লিমেন্টভর্তি কনটেইনারের ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে।
ফায়ার সার্ভিস আগ্রাবাদ কার্যালয়ের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চারটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর বলা যাবে।