স্পিন লড়াইয়ের আশায় শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার

বোর্ডের সঙ্গে চুক্তি নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটে বইছে গরম হাওয়া। এখনও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সঙ্গে বার্ষিক চুক্তি স্বাক্ষর করেননি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। অধিনায়ক কুশল পেরেরা বলেছেন, চুক্তিটা গুরুত্বপূর্ণ হলেও এখন সেসব বাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়েই ভাবছেন তারা।

২০২৩ বিশ্বকাপের পরিকল্পনায় তারুণ্য নির্ভর দল নিয়ে এ সিরিজ দিয়ে নতুন শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কা। কুশল পেরেরার ধারণা, আজ শুরু হতে চলা ওয়ানডে সিরিজে স্পিনাররা বড় ভূমিকা পালন করবেন। বাংলাদেশে স্পিন সহায়ক উইকেটই আশা করছেন তিনি।

কেন্দ্রীয় চুক্তি নিয়ে এসএলসির সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্ব দ্রুতই মিটবে বলে জানিয়েছেন কুশল পেরেরা। অনুশীলনে নামার আগে গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমরা বোর্ডের চুক্তির ইস্যুটা খুব বেশি চিন্তা করতে চাই না। আমরা এখন এ সিরিজে ফোকাস করছি। হ্যাঁ, এটা আমাদের জন্য অবশ্যই চিন্তার জায়গা। আমরা আশা করছি দ্রুতই এটার সমাধান হবে।’

সাকিব-মিরাজরা দলে থাকায় বাংলাদেশের কন্ডিশনে চিরাচরিত স্পিন লড়াই দেখছেন কুশল পেরেরা। বাঁহাতি এ ব্যাটসম্যান বলেছেন, ‘আমরা জানি যে বাংলাদেশের শক্তি স্পিন বোলিং আক্রমণ। তাই আমরা সে ধরণেরই উইকেট প্রত্যাশা করছি।’

গতকাল মিরপুর স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে শ্রীলঙ্কা। বিকেলে ব্যাটিং, বোলিংয়ের পর সন্ধ্যার পর ফিল্ডিং করে সফরকারীরা। ম্যাথুস-চান্দিমালরা বাদ পড়ায় শ্রীলঙ্কা দলে আছে এক ঝাঁক তরুণ ক্রিকেটার। তাই কুশল পেরেরার মতে, ফিল্ডিং দিয়ে এ সিরিজে বড় প্রভাব ফেলবেন। দলে অভিজ্ঞতার অভাব আছে বলে সমর্থকদের ধৈর্য্য ধরার আহ্বানও জানিয়েছেন তিনি।