মন্টুর কাণ্ডে ব্যাখ্যা চেয়েছে বিওএ

স্পোর্টস রিপোর্টার

দেশের দ্রুততম মানব মোহাম্মদম ইসমাইল এবং দ্রততম মানবী শিরিন আক্তারকে বাদ দিয়ে ৪০০ মিটার ইভেন্টে জহির রায়হানের নাম টোকিও অলিম্পিকের জন্য মনোনয়ন দেওয়ায় অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টুর ওপর খেপেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ফেডারেশনের সিলেকশন কমিটির সভা না করে কীভাবে অ্যাথলেট মনোনয়ন দেওয়া হলো তা নিয়ে বিব্রত ফেডারেশনের অনেকেই। বিওএ জানতে চেয়েছে কেন দ্রুততম মানব-মানবীকে বাদ দেওয়া হলো। বিওএর সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন জানিয়েছেন বিওএর ট্রেনিং কমিটির চেয়ারম্যান এ কে সরকারকে অ্যাথলেটিকস ফেডারেশনের কাছ থেকে অ্যাথলেট মনোনয়নের ব্যাখ্যা গ্রহণ করতে বলা হয়েছে। কেন জহিরকে নেওয়া হলো, তার ক্যারিয়ার রেকর্ড এবং অন্যদের রেকর্ড সংগ্রহ করতে বলা হয়েছে।’ তিনি বলেন, ‘একজন ক্রীড়াবিদ বঞ্চিত হওয়া তার কাছ থেকে একটি চিঠি পেয়েছি আমরা।’

কোচ হয়ে টোকিও যেতে চেয়েছিলেন মন্টু

খেলোয়াড় যাবেন খেলতে। সেখানে কোচ যাবেন, এটা হতেই পারে। কোচ হচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তি। কিন্তু ফেডারেশন কর্মকর্তারা কোচ হয়ে বিদেশে যান এই রেওয়াজ পুরোনো। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু টোকিও অলিম্পিক গেমসে কোচ হয়ে জাপানে যেতে চেয়েছিলেন। তার সেই অবদার গ্রহণ করেনি বিওএ। কোচ না হলে কীভাবে যাবেন—এটা একটা বড় প্রশ্ন। এটা সম্পূর্ণ অনৈতিক। বিওএর শীর্ষ কর্মকর্তাদের অনুরোধ করা হলেও এমন অনৈতিক আবদার গ্রহণ করেনি বিওএ। ফেডারেশনের সাধারণ সম্পাদকের কোচ হয়ে বিদেশে যাওয়ার সুযোগ আছে কি না—এমন প্রশ্নে বশির আহমেদ মামুন বললেন, ‘এটা আগে কেউ কেউ গিয়েছিলেন। কিন্তু এখন এটা নেই।’