সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে এনআরবিসি ব্যাংক

ইত্তেফাক রিপোর্ট

বিদায়ি সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৯টি বা ৪৫ দশমিক ৫৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এনআরবিসি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯ দশমিক ৬০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৮ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ার দর ৮ দশমিক ৪০ টাকা বা ৪২ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ব্যাংকটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্সের ৩৮ দশমিক ৯৪ শতাংশ, প্রাইম ব্যাংকের ২২ দশমিক ৩৪ শতাংশ, ইনডেক্স এগ্রোর ২০ দশমিক ৪৯ শতাংশ, প্রভাতী ইনসিওরেন্সের ১৮ দশমিক ২০ শতাংশ, এনসিসি ব্যাংকের ১৪ দশমিক ৭৭ শতাংশ, সুহূদের ১৪ দশমিক ৬৭ শতাংশ, রিং শাইনের ১৪ দশমিক ৫২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৪ দশমিক ৪৯ শতাংশ এবং ওয়ান ব্যাংকের শেয়ার দর ১৪ দশমিক ২৯ শতাংশ বেড়েছে।