‘চায়না ভাইরাস’ ইস্যু

ট্রাম্পের বিরুদ্ধে চাইনিজ আমেরিকান গ্রুপের মামলা

ইত্তেফাক ডেস্ক

করোনা ভাইরাসকে ‘চায়না ভাইরাস’ উল্লেখ করায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে চাইনিজ আমেরিকান গ্রুপ। ‘চায়না ভাইরাস’ উল্লেখ করে ট্রাম্প এশীয় আমেরিকানদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের

ট্রাম্প করোনা ভাইরাসকে ‘চায়না ভাইরাস’, ‘উহান ভাইরাস’ এবং ‘কুং ফ্লু’ ভাইরাস উল্লেখ করেছিলেন। আদালতের নথি অনুযায়ী, নিউ ইয়র্ক ভিত্তিক অলাভজনক সংগঠন চাইনিজ আমেরিকানস সিভিল রাইটস কোয়ালিশন গত বৃহস্পতিবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় অভিযোগ করা হয়েছে, করোনা মহামারির মধ্যে ট্রাম্পের বক্তব্য                  এবং সোশ্যাল মিডিয়ায় তার পোস্টের মাধ্যমে চাইনিজ এবং এশীয় আমেরিকানদের একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছিল এবং বর্ণবাদী সহিংসতার জন্ম দিয়েছিল। সবচেয়ে বড় সহিংসতার জন্ম হয়েছিল গত ১৭ মার্চ। ঐদিন বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছিলেন যাদের মধ্যে ছয়জন নারীই এশিয়ার। গত ২৯ মার্চ গির্জায় যাওয়ার সময় এক ফিলিপাইন বংশোদ্ভুত নারীর ওপর হামলা করা হয়। ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যাসন মিলার হিল নিউজপেপারকে বলেন, এটা উন্মাদ এবং দুষ্টবুদ্ধির মামলা। এটা আদালতে দেখা গেলে বাতিল করে দেওয়া উচিত।