বগুড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় তন্দ্রা ভৌমিক (২৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সান্তাহার টাউন পুলিশ। গতকাল শনিবার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। তন্দ্রা সান্তাহার শহিদ আহসানুল হক কলেজের গ্রন্থাগারিক উত্তম ভৌমিকের মেয়ে এবং সান্তাহার হার্ভে সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করার কারণে বাবা নেটের সংযোগ বন্ধ করে দেন এবং তন্দ্রাকে বাবা শাসন করেন। পরে দুপুরে খাবার সময় হলে মা ডাকতে গেলে পড়ার ঘরের ফ্যানের সঙ্গে তন্দ্রার ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি সান্তাহার টাউন পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তন্দ্রার লাশ উদ্ধার করে।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ সত্কারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।