মেহেন্দিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে ছত্তার ঢালী ও সিদ্দিকুর রহমানের জানাজায় জনতার ঢল নামে। গতকাল শনিবার বাদ আসর উলানিয়া ইউনিয়নের (উত্তর) সলদী-লক্ষ্মীপুর এলাকায় তাদের জানাজায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের এবং হত্যায় ইন্ধনদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহমেদ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আফজালুল করিম, জেলা পরিষদ সদস্য ও কাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।
গত বৃহস্পতিবার সকালে সলদি এলাকায় ইউপি সদস্য রবী ঢালির নাতনির বিয়ের অনুষ্ঠানে ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বেপারীর ৫০ থেকে ৬০ জন কর্মী-সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ছত্তার ঢালী (৫৫) ও সিদ্দিকুর রহমান (৩৩) নামে দুই আওয়ামী লীগ কর্মী নিহত ও ২৫ জন আহত হন।