আইনস্টাইনের সমীকরণ চিঠি বিক্রি হলো ১২ লাখ ডলারে

যুক্তরাষ্ট্রে এক নিলামে পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি ১২ লাখ মার্কিন ডলারে (১০ কোটি ২০ লাখ টাকা) বিক্রি হয়েছে। পদার্থবিজ্ঞানের সুপরিচিত সমীকরণ (ই=এমসি স্কয়ার) এর উল্লেখ থাকা ওই চিঠিটি অজ্ঞাত এক নথি সংগ্রাহক কিনেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, নিলাম আয়োজকদের প্রত্যাশার চেয়েও তিনগুণ বেশি দামে চিঠিটি বিক্রি হয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এর বাইরে আরো তিনটি নথিতে আইনস্টাইনের হাতে লেখা এই সমীকরণটি পাওয়া গেছে। আইনস্টাইনের এ সমীকরণটি প্রথম প্রকাশিত হয় ১৯০৫ সালে, তার লেখা এক বৈজ্ঞানিক নিবন্ধে। এই ফর্মুলার মানে হল, শক্তি সমান ভর ও আলোর বেগের বর্গের গুণফল। পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদভিগ সিলভারস্টেইনকে লেখা চিঠিটিই এখন পর্যন্ত কারো ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া একমাত্র নথি, যেখানে আইনস্টাইন নিজের হাতে সমীকরণটি লিখেছিলেন, বলেছে বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন। জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার এ চিঠিটিতে তারিখ দেওয়া আছে ২৬ অক্টোবর, ১৯৪৬।