ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া মসজিদ রোড এলাকায় নিজ বাসা থেকে শনিবার মিটফোর্ড হাসপাতালের সরকারি কর্মচারী কাজী মারুফ হোসেন (৩২) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানাপুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, এলাকার বেশকিছু মাদকসেবী কাজী ফারুফ হোসেনের স্ত্রীকে উত্ত্যক্ত করত। মাদকসেবীরা সুযোগ বুঝে কৌশলে শুক্রবার রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত কাজী মারুফ হোসেনকে অতিরিক্ত মাদক পান করিয়ে অচেতন করে। স্বামীকে অচেতন অবস্থায় পেয়ে ঘরে এনে ঘুম পাড়িয়ে রাখেন স্ত্রী। রাত ৩টার দিকে অজ্ঞাত চার যুবক দরজা ভেঙে ঘরে ঢুকে মারুফের স্ত্রীকে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় চিত্কার শুনে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলে মাদকসেবীরা পিছন থেকে কাজী মারুফের মাথায় ও পিটে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে মারুফের মৃত্যু নিশ্চিত করে মাদকসেবীরা পালিয়ে যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঘটনার পর শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে কাজি মারুফের স্ত্রীসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের পিতা কাজী মাসুম হোসেনসহ স্থানীয় লোকজন সুষ্ঠু তদন্ত করে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।