টিকা চাইতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

করোনার কারণে বিপর্যস্ত ভারতে টিকার সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় জো বাইডেন প্রশাসনের কাছ থেকে টিকা সহায়তা নিশ্চিত করতে আজ রবিবার এক সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ছাড়াও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে অক্সিজেন প্ল্যান্ট, কনসেনট্রেটর, রেমডেসিভিরের মতো ওষুধ, সিরাম ইনস্টিটিউটের প্রতিষেধক তৈরির কাঁচামাল জোগান দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কাছে এই মুহূর্তে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসনের টিকার অতিরিক্ত ডোজ রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে যত বেশি সম্ভব টিকা ভারতে আনার চেষ্টা চালাবেন জয়শঙ্কর।

এদিকে আগস্ট থেকে ভারতে উত্পাদন শুরু হবে রাশিয়ার কোভিড টিকা স্পুিনক ভি-র। রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত ডিবি বেঙ্কটেশ জানিয়েছেন, চলতি মাসের শেষেদিকে ভারতকে স্পুিনক ভি ৩০ লাখ ডোজ সরবরাহ করা হবে। আর শিগিগরই ভারতের হাতে তুলে দেওয়া হবে টিকা তৈরির প্রযুক্তি। ভারতে স্পুিনক ভি উত্পাদন শুরু হলেই প্রাথমিকভাবে টিকার সাড়ে ৮ কোটি ডোজ তৈরি করার লক্ষ্যামাত্রা নেওয়া হয়েছে।

হায়দরাবাদের ডক্টর রেড্ডিজ-এর সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরি করবে রাশিয়া। তবে এই টিকা ভারতে এখনো সহজলভ্য নয়। টিকা প্রস্তুতকারক সংস্থাটি জানিয়েছে, আমদানি করা টিকার এক একটি ডোজের সর্বোচ্চ দাম ৯৯৫ রুপি হবে।