ঘিওরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

দীর্ঘদিনের প্রেম, অতঃপর বিয়ের আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণ। এমন অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে ঘিওর থানা পুলিশ। অভিযুক্ত কাউছার মিয়া দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের মুকুন্দবাড়ী গ্রামের মো. গফুর মিয়ার ছেলে।

আটক কাউছার মিয়াকে গতকাল  দুপুরে মানিকগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো  হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ঐ ছাত্রী ঘিওর উপজেলার পয়লা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন যাবত্ কাউছারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গত শুক্রবার সন্ধ্যায় বিয়ের কথা বলে কাউছার তাকে পার্শ্ববর্তী এক বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিত্কারে লোকজন এগিয়ে এলে কাউছার পালিয়ে যায়।

ঘিওর থানার ওসি (তদন্ত) মো. মহব্বত খান বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের পয়লা গ্রামের মো. সাহাদতের বাড়ি থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক পর্যায়ে কাউছার মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছে।