ফিলিস্তিনে ইসরাইলি হামলার নিন্দা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল জাতীয় প্রেসক্লাবে ফিলিস্তিনিদের সংগ্রাম ও স্বাধীনতার প্রতি সর্বস্তরের নাগরিকদের সমর্থন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংহতি সভায় তিনি এই ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনাকে ধন্যবাদ প্রতিবাদ করার জন্য। শুধু প্রতিবাদ জানালেই হবে না, ফিলিস্তিনিদের অর্থ ও সামরিক সাহায্য দিতে হবে। কূটনৈতিক তত্পরতা চালাতে হবে মুসলিম ঐক্য প্রতিষ্ঠার জন্য।’ অবরুদ্ধ ফিলিস্তিনিদের মানবাধিকার নিশ্চিত করতে বিশ্বের সব মানবতাবাদী নাগরিক ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ৭০ বছর ধরে একটা জাতি লড়াই করছে। আমরা তাদের এই লড়াইয়ের প্রতি সংহতি জানাই। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ফিলিস্তিনে যা ঘটছে তা অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এর প্রতিবাদে সবাইকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, এবি পার্টির আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী।