মাহির বিচ্ছেদের ঘোষণায় কী বললেন স্বামী

মাহিয়া মাহির সংসার ভাঙার খবরে বেশ আলোচনা তৈরি হয়েছে শোবিজ অঙ্গনে। শনিবার রাত ১টা ৩০ মিনিটে স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে স্ট্যাটাস দেন তিনি। এমনকি বিষয়টি একাধিক গণমাধ্যমেও নিশ্চিত করেছেন। কিন্তু বিচ্ছেদের খবরটি নাকি নিজেই জানেন না অপু।

শনিবার দিনগত রাতে দেওয়া স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যার্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।’

 

এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যার্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর...

Posted by Mahiya Mahi on Saturday, May 22, 2021

 

মাহির বিচ্ছেদের ঘোষণা প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পারভেজ মাহমুদ অপু গণমাধ্যমকে বলেন, ‘আমি ফেসবুকে দেখলাম ও আপনাদের কাছ থেকে শুনলাম। এ বিষয়ে মাহির সঙ্গে কথা হয়েছে মাত্র, বিস্তারিত কথা বলে দুপুরে আপনাদের সঙ্গে কথা বলব।’

সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালের ২৪ মে বিয়ে হয় মাহিয়া মাহির। পাঁচ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর একা থাকার সিদ্ধান্ত নিলেন ঢালিউডের জনপ্রিয় এ নায়িকা।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির। পরবর্তীতে ‘অগ্নি’ ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সবশেষ দুই বছরে চলচ্চিত্রে অভিনয় কমিয়ে দিয়েছেন তিনি।

ইত্তেফাক/বিএএফ