মাগুরা পর্যন্ত রেললাইন নির্মাণের চুক্তি স্বাক্ষর

বহু কাঙ্ক্ষিত মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেললাইনের কাজ শুরু হচ্ছে। এ ব্যাপারে রবিবার রেলভবনে নতুন রেললাইন নির্মাণের লক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১২০২ কোটি ৪৯ লাখ টাকা। ফরিদপুর ও মাগুরা জেলার মধ্যে প্রকল্পের অবস্থান। প্রকল্পটি মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ১৯.৯০ কিলোমিটার মেইন লাইন নির্মাণ। কামারখালী ও মাগুরা স্টেশন ইয়ার্ডে ৪.৯ কিলোমিটার লুপ লাইন নির্মাণ। দুটি নতুন স্টেশন নির্মাণ (কামারখালী ও মাগুরা)। এতে ২৮টি মাইনর ব্রিজ ও কালভার্ট নির্মাণ করতে হবে। এই প্রকল্পটি মাগুরা জেলাকে বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। রেলপথের মাধ্যমে উপ-আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় প্রতিষ্ঠিত হবে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে বাস্তবায়নাধীন পদ্মা সেতুর মাধ্যমে রাজধানীর (ঢাকা) রেল সংযোগ স্থাপন হবে।

রেলপথমন্ত্রী  নূরুল ইসলাম সুজন  বলেন, একটি দেশের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা ছাড়া সুষম উন্নয়ন সম্ভব নয়। রেলওয়ে এক সময় অবহেলিত ছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে গুরুত্ব দিয়ে দিয়ে ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন। রেলকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

বাংলাদেশ রেলওয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মো. আসাদুল হক এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি-সিসিসিএল ভেভি-এর এর পক্ষে লউ জুয়ে বিং এবং প্যাকেজ ডব্লিউডি-২: (সেতু নির্মাণ) এর বিপরীতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক   ও  সিআরসিসি- এমএএউচএল জেভি এ এর পক্ষে ট্যাং জিয়াওজিন।  
এছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ধীরেন্দ্র নাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

ইত্তেফাক/ইউবি