খালেদ হোসাইন
আমও ভালো, কাঁঠালও
আম রসালো কিন্তু শুনি
কাঁঠাল খুবই আঠালো।
সবাই বলে আম-কাঁঠাল
করে রাখে টালমাটাল।
আমের আছে নানান নাম
দামের আছে রকমফের
দাম শুনে কেউ শান্ত থাকে
কারণ তো নেই প্রকম্পের।
না পোষালে না-খাবে
এদিক ওদিক তাকাবে
হয়নি তেমন গোস্তাকি
যা ভালো তা সস্তা কি?
রাজভোগ যে খেতেই হবে
এমন তো আর কথা নেই
সাধ-সাধ্যের থাকলে লড়াই
নানা রকম মত আনেই।
আরো কত আম রয়েছে
লেংড়া খোঁড়া গুটি
পার করে দাও এ জষ্টিমাস
খেয়ে একটি-দুটি।
কাণ্ডে কাঁঠাল একরকম আর
ডালের কাঁঠাল অন্য
দুই রকমের দাম দিতে
দুই ধরনের জন্য।
কোনো কাঁঠাল রোয়া রোয়া
চিবিয়ে খায় রস
নরম কোষের কাঁঠালেরও
আছে আবার যশ।
আর কাঁঠালের কোষ ও বিচি
ভূতি ও তার খোসা
যায় না ফেলা থাকলে ঘরে
গোরু-ছাগল পোষা।
নানা রকম সাইজে
দাম চাওয়া হয় তাই যে
একটা কাঁঠাল অনেকে খায়
না খেলে পস্তাই যে!