ইটভাটার দেয়াল ধসে দুই ভাই নিহত

লক্ষীপুরের রামগঞ্জে ইটভাটার দেয়াল ধসে পড়ে বেলাল হোসেন(৩২) ও ফারুক হোসেন( ২০) নামে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আরো ৬ জন আহত হয়েছেন৷ 

ঘটনাটি ঘটেছে রবিবার (২৩ মে) বিকেল ৫টায় ভোলাকোট ইউনিয়নের দেহলা আমির হোসেন ডিপজলের মদিনা ইটভাটায়৷ ঘটনার সাথে সাথে ভাটার মালিক আমির হোসেন ডিপজল পালিয়ে যায়৷ 

নিহতরা হলেন, লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার আলতাফ মাঝির ছেলে৷ আহতদের আশংকাজনক অবস্থায় রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ 

এলাকাবাসী জানান, এ ইটভাটায় ২ বছর আগেও একই ভাবে ওয়াল ধসে ৫ জন আহত হয়৷ তারা অবৈধ ইটভাটার ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন টাকা খেয়ে কোন ব্যবস্থাগ্রহন না করাকে দায়ী করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনসহ পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পরিদর্শন করেন৷ এ সময়, ভাটা শ্রমিকরা মালিকের বিচার ও অবৈধ ভাটার বন্ধের দাবীতে লাশ নিয়ে আসতে বাধা দিয়ে বিক্ষোভ করেন৷

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহামম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এনএ