ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেনের সময় বাড়ল

ইত্তেফাক রিপোর্ট  

সরকারের ঘোষিত বিধিনিষেধের সঙ্গে সীমিত পরিসরে ব্যাংক লেনদেনের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন চলবে আগামী ৩০ মে পর্যন্ত। এ সময় ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। তবে ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে বিকাল ৪টা পর্যন্ত। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই সঙ্গে শেয়ারবাজারের লেনদেনের সময়ও আধাঘণ্টা বাড়ছে। শেয়ারবাজারে লেনদেন ৪ ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজারে লেনদেন সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত চলবে। এ সময় প্রি-ওপেনিং সেশন ৯টা ৪৫ থেকে ১০টা এবং পোস্ট ক্লোজিং সেশন ২টা থেকে সোয়া ২টা  পযর্ন্ত চালু থাকবে।

দেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানোর প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সোমবার (২৪ মে) থেকে ৩০ মে পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদন হবে বিকাল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১৩ এপ্রিল ২০২১ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-১৫ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এর আগে ব্যাংক লেনদেন হচ্ছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।