অনাবৃষ্টি ও গরমে চিতলমারীতে চিংড়ি ঘেরে মড়ক!

চাষিরা বিপাকে

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

অনাবৃষ্টি ও প্রচণ্ড গরমে চিতলমারীতে চিংড়ি ঘেরে মড়ক লেগেছে। শতশত ঘেরের পানি শুকিয়ে যাওয়ায় চিংড়িসহ অন্যান্য মাছ মরে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। পাশাপাশি এলাকার অধিকাংশ খালে বাঁধ দেওয়ার কারণে পানিস্বল্পতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে চিংড়ি চাষ হুমকিতে পড়েছে।  স্থানীয় চিংড়ি চাষিরা জানান, গত কয়েক মাস ধরে অনাবৃষ্টির কারণে এলাকার অধিকাংশ ঘেরের পানি শুকিয়ে গেছে। পাশাপাশি তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ঘেরের পানি অতিমাত্রায় গরম হয়ে যাওয়ার ফলে মাছে মড়ক লেগেছে। এতে চিংড়িসহ রুই-কাতল ও অন্যান্য মাছ মরে যাচ্ছে। এমন বৈরী  আবহাওয়া চলতে থাকলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন চাষিরা। এমন অবস্থায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার দূর্গাপুর গ্রামের চিংড়িচাষি ও স্থানীয় ইউপি সদস্য গোরাচাঁদ ঘোষ, শ্যামপাড়া গ্রামের বিভাষ মণ্ডল, অসীম মণ্ডলসহ অনেক চাষি হতাশা প্রকাশ করে জানান, এমন বৈরী অবহাওয়া গত কয়েক বছরের মধ্যে দেখা যায়নি। এ বছর দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে অধিকাংশ চিংড়ি ঘের শুকিয়ে গেছে। প্রচণ্ড দাবদাহে ঘেরের পানি গরম হয়ে ব্যাপক হারে চিংড়িসহ অন্যান্য মাছ মারা যাচ্ছে। এতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। উপজেলা মত্স্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগান জানান, এলাকায় ৬ হাজার ৮৯০ হেক্টর জমিতে চিংড়ি চাষ করা হয়েছে। এ বছর অনাবৃষ্টি ও তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে অনেক ঘেরে মাছ মারা যাচ্ছে। পাশাপাশি অনেক খালে বাঁধ থাকার কারণে পানিস্বল্পতা দেখা দিয়েছে। দ্রুত বৃষ্টি না হলে চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।