ডোমার (নীলফামারী) সংবাদদাতা
ডোমার উপজেলায় বোরো ধান কাটা শেষ হয়েছে। চলছে মাড়াইয়ের কাজ। মাড়াই, ধান ও খড় শুকানোর কাজ চলছে উপজেলার সড়কগুলোতে। ছোট-বড় প্রতিটি সড়ক এখন যেন চাতালে পরিণত হয়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত এক সপ্তাহে ধান মাড়াই গাড়ির ধাক্কায় দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় আবুল হোসেন, রমজান আলী বলেন, ডোমার-চিলাহাটি সড়কে প্রতিদিন ধান ও খড় শুকানো হচ্ছে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, সড়কগুলোতে ধান ও খড় না শুকাতে প্রাথমিকভাবে সচেতনতা সৃষ্টিতে কাজ করছি। এতে কাজ না হলে অভিযানও করা হবে।