পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় রবিবার চার জনের মৃত্যু হয়েছে। এদিকে চান্দিনায় সড়ক দুর্ঘটনায় একজন অ্যাম্বুলেন্স চালক মারাত্মক আহত হয়েছেন। এছাড়াও ময়মনসিংহ, ঈশ্বরদী ও রৌমারীতে আরো ১১ জন আহত হয়েছেন। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) :চান্দিনায় রবিবার সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি অ্যাম্বুলেন্স। এতে অ্যাম্বুলেন্সের চালক মারাত্মক আহত হন। আহত অ্যাম্বুলেন্স চালক আমির হোসেন (৫০) রাজধানীর সায়দাবাদ এলাকার বাসিন্দা। তিনি ‘মা অ্যাম্বুলেন্স সার্ভিস’ নামের একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক। অন্যদিকে একই দিন সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাজহারুল ইসলাম (২০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ এবং দুপুর ২টায় উপজেলার মাধাইয়া-নবাবপুর সড়কের গজারিয়া এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ঐ হতাহতের ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার এএসআই আব্দুর রশিদ জানান, চান্দিনা উপজেলা গেইট এলাকায় উলটো পথে ঢুকছিল অ্যাম্বুলেন্সটি। এ সময় কুমিল্লাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক মারাত্মক আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে ডাম্পিংয়ে রাখা হয়েছে। আর চান্দিনা থানার এসআই নোমান হোসেন মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ :ময়মনসিংহে রবিবার বাস চাপায় মাহিন্দ্র গাড়ির এক যাত্রীর মৃত্যু হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো চার জন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় জানা যায়নি।

ঈশ্বরদী (পাবনা) :ঈশ্বরদীতে রবিবার দুপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুস সালাম হোসেন সেলু (৫২)। দুর্ঘটনায় আহত হয়েছেন চার জন। ঈশ্বরদী হাইওয়ে থানাপুলিশের ইনচার্জ মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

রৌমারী (কুড়িগ্রাম) :রৌমারী উপজেলায় রবিবার সকালে বালুভর্তি ট্রাক্টর চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সাদেকুল হাসান (২৬)। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো তিন জন। উপজেলার সদর ইউনিয়নের মির্জাপাড়া এলাকায় রৌমারী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সাদেকুল ইসলাম উপজেলার চরশৌলমারী ইউনিয়নের চরঘুঘুমারী গ্রামের নুর হোসেনের ছেলে। রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।