স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-১৩। রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) সামুয়েল সাংমা। গোপনে জঙ্গি তত্পরতা ও ধর্মের অপব্যাখ্যা প্রচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রংপুর শহর এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু উগ্রবাদী বইসহ রেজাউল ইসলামকে গ্রেফতার করে র্যাব। এসময় তার কাছ থেকে ব্যবহূত মোবাইল ফোন ও সিম, জেএমবির কার্যক্রম প্রচারণা-সংক্রান্ত ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট, উগ্রবাদী লেখাসংবলিত বিভিন্ন লিফলেট এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের লিংক উদ্ধার করা হয়। রেজাউল ইসলাম জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।