ডমিঙ্গোর মেয়াদ বাড়তে পারে

স্পোর্টস রিপোর্টার

জৈব সুরক্ষা বলয়ের মধ্যেও করোনার এমন আতঙ্ক ম্যাচ নিয়েই শঙ্কা তৈরি করেছিল। যদিও ম্যাচের ২ ঘণ্টা আগে স্বস্তির খবর আসে, তাতে ক্রিকেটার ইসুরু উদানা ও কোচ চামিন্দা ভাস নেগেটিভ রিপোর্ট পান। কিছুদিন আগে করোনায় ভোগা শিরান ফার্নান্দো আবারও পজিটিভ হন এবং তাকে দল থেকে আলাদা করা হয়েছে। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, সুরক্ষা বলয় নিয়ে চিন্তার কিছু নেই। তবে গতকালকের ঘটনার পর আরো সতর্ক হবে বিসিবি। এদিকে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে চুক্তি নবায়ন করতে পারে বিসিবি। আগামী আগস্টেই তার সঙ্গে চুক্তি শেষ হবে। তবে করোনাকালে বিদেশি কোচ পাওয়া কঠিন, তাই পাপনের কথায় ইঙ্গিত মেয়াদ বাড়তে পারে ডমিঙ্গোর। গতকাল বিকালে দুই দলের জৈব সুরক্ষা বলয় নিয়ে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেছেন, ‘এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেটা খুব চিন্তার বিষয়। তবে অবশ্যই আমরা সতর্কতা আরো বাড়াব।’ উপসর্গ না থাকলেও পজিটিভ রিপোর্ট পেয়েছিলেন তিন লঙ্কান। পাপন বলেছেন, ‘তাদের কোনো উপসর্গ নাই। সেকেন্ড যখন টেস্ট করল তখন নেগেটিভ। কিন্তু একজনের আসল পজিটিভ। যেহেতু সে কিছু দিন আগেই কোভিড থেকে রিকভার করেছে, তার ডেড আরএনএ ডিটেক্ট করে পিসিআর। যেহেতু ওর ২৮ দিন হয়নি তাই পেতে পারে। এজন্য আমরা আবার তৃতীয় বার টেস্ট করতে পাঠিয়েছি।’ অনেক সমালোচনা হলেও করোনাকালে ডমিঙ্গোর বাইরে চিন্তার সুযোগ কম বিসিবির। গতকাল বোর্ড সভাপতি বলেছেন, ‘প্রথম কথা হচ্ছে আমরা তাকে চুক্তি নবায়ন করব কি করব না, দ্বিতীয় কথা হচ্ছে যদি না করি তাহলে তো আমাদের বিকল্প আরেকটা থাকতে হবে।’