আড়াইহাজারে অপ্রশস্ত সেতুর কারণে নিত্য যানজট

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে দুটি স্টিলের সেতুর প্রশস্ততা কম থাকায় নিত্য যানজটের জ্বালা পোহাতে হচ্ছে আড়াইহাজার ও  বাঞ্ছারামপুরবাসীকে। গণপরিবহন বন্ধ থাকলেও আড়াইহাজারে উলটো চিত্র। ছোট ছোট যানবাহনে চড়ে মানুষের যাতায়াত বেড়েছে। সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার ও রিকশা দেদার চলছে। বেশি ভাড়াতেই মানুষ এসব যানবাহনে চড়ছে নিরুপায় হয়ে। কিন্তু দুঃসহ যানজটে মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। আড়াইহাজার সদরের দক্ষিণপাড়া স্টিল সেতু ও গোপালদীর কড়ইতলা স্টিল সেতুতে নিত্য সৃষ্টি হচ্ছে যানজট। স্থানীয়রা জানান, দুটি সেতুই খুব সরু। তাছাড়া সেতু দুটির জরাজীর্ণ অবস্থা। এ ব্যাপারে আড়াইহাজারের কয়েকজন জনপ্রতিনিধি ও সদর বাজারের ব্যবসায়ী বলেন, দুটি স্টিল ব্রিজ এখন আড়াইহাজারবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।