ইসরাইলি পুলিশের সহায়তায় আল-আকসা কম্পাউন্ডে সেটলারদের ভাঙচুর

ইসরাইলি পুলিশের সহায়তায় পূর্ব জেরুজালেমে সেটলাররা পবিত্র আল-আকসা মসজিদের কম্পাউন্ডে ভাঙচুর চালিয়েছে। গতকাল সকালে প্রার্থনা করতে আসা মুসল্লিদের মারধর করারও অভিযোগ পাওয়া গেছে। খবর আলজাজিরা ও ডেইলি মেইলের

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসায় ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিদের পেটায় ইসরাইলি পুলিশ। মসজিদের নিরাপত্তারক্ষী ফাদি আলিয়ানকেও আটক করা হয়েছে। কারণ তিনি মারধরের ছবি তুলছিলেন। ইসলামি ওয়াকফ কাউন্সিলের কর্মকর্তা আলি ওয়াজৌজকেও আটক করা হয়েছে। মোট ছয় জনকে আটক করা হয় যাদের মধ্যে পরে চার জনকে ছেড়ে দেয় ইসরাইলি পুলিশ। পুলিশ আল-আকসায় ৪৫ বছরের নিচে কোনো ফিলিস্তিনকে প্রার্থনার জন্য প্রবেশ করতে দিচ্ছে না। পুলিশের সহায়তায় ইসরাইলের ইহুদি বসতিরাও আল-আকসা কম্পাউন্ডে ভাঙচুর চালায়। এরপর সেটলার বা বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দিয়ে নিয়ে যায় পুলিশ। কেবল পূর্ব জেরুজালেম নয়, পশ্চিম তীরেও ইসরাইলিদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। গত ১০ মে থেকে শুরু হওয়া সংঘর্ষে সেখানে ২৫ জন নিহত হয়েছে।