রোজিনার জামিন প্রমাণ করে আদালত সম্পূর্ণ স্বাধীন :কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনো রূপ হস্তক্ষেপ করেনি। গতকাল রবিবার সকালে জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের সাংবাদিক ও সংবাদপত্রশিল্পের জন্য সরকার যা করেছে ৭৫-পরবর্তীকালে আর কোনো সরকার কার্যত কিছুই করেনি। তিনি বলেন, রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে, সেই বিএনপি ক্ষমতায় থাকাকালে সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিল।

আজ সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গাড়ি চালু করার আগে অবশ্যই গাড়ি জীবাণুমুক্ত করতে হবে। যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যতই বড় বড়               মেগা প্রকল্প এবং সড়ক চার, ছয়, আট লেন হোক না কেন, সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরে না এলে জনগণ এর সুফল পাবে না। তিনি বলেন, গত ১০ বছরে বাংলাদেশে যোগাযোগ খাতে যেই অসম উন্নয়ন সাধিত হয়েছে বিগত কোনো সময়ে হয়নি। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পগুলো চলমান, আশা করা হচ্ছে আগামী বছর এসব প্রকল্প উদ্বোধন করা হবে। ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন এলাকায় একাধিক ফ্লাইওভার নির্মিত হয়েছে, যা এই সরকারের আরো একটি সাফল্য।