মোংলা বন্দরে আসা এম টি সী লিংক উত্সব নামে একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. লাল মিয়া (৫২)। তিনি ঐ জাহাজে কর্মরত ছিলেন। দগ্ধ অপর জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালের প্রধান চিকিত্সক কর্মকর্তা মো. আব্দুল হামিদ। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগলে ইঞ্জিন রুমে থাকা মো. ইয়াছিন (৫০) ও লাল মিয়া (৫২) দগ্ধ হন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার শেখ ফখরউদ্দিন জানান, বন্দরের নিজস্ব সার্ভিস জেটিতে নোঙ্গর করার মুহূর্তেই তেলের ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। দগ্ধ দুই জনের শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে লাল মিয়া মারা যান।