চবির ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল

করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবারও পিছিয়েছে। গতকাল রবিবার ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান। ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত এই পরীক্ষা নেওয়ার কথা ছিল।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে ভর্তি পরীক্ষা আগামী ২০ থেকে ২৭ আগস্টের মধ্যে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। কোন ইউনিটের পরীক্ষা কবে নেওয়া হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

চবিতে চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে এ বছর মোট আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৭০ শিক্ষার্থী। তবে আবেদনকারীদের মধ্যে টাকা জমা না দেওয়ায় ভর্তির প্রক্রিয়া থেকে বাদ পড়েছে ১১ হাজার ৯২২ শিক্ষার্থী। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ৩৭ শিক্ষার্থী।