দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪৯ দিন বন্ধ থাকার পর লঞ্চ সার্ভিস পুনরায় চালু হয়েছে। দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানিয়েছেন, করোনার কারণে সরকার নির্দেশনা অনুযায়ী গত ৫ এপ্রিল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সব লঞ্চ চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ৪৯ দিন পর পুনরায় স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত আকারে সোমবার থেকে লঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ১৭টি লঞ্চ চলাচল করছে। যদি যাত্রী সংখ্যা বাড়ে তাহলে লঞ্চের সংখ্যা বাড়ানো হবে। উল্লেখ্য, এ রুটে মোট ৩৪টি লঞ্চ রয়েছে।
দৌলতদিয়া লঞ্চঘাট সূত্র জানা যায়, গতকাল সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি লঞ্চ চলাচল করছে। লঞ্চঘাটের প্রবেশ মুখে এবং লঞ্চের ভেতরে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ ছাড়তে দেখা গেছে। লঞ্চ চালক-কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি লঞ্চঘাটে।