চাটমোহরে বেড়েছে পাটের আবাদ

চাটমোহর উপজেলায় পাটের আবাদ বেড়েছে। গত বছরের চেয়ে এবার ৬২০ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৮ হাজার ৭২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ৮ হাজার ১০০ হেক্টর জমিতে। পাটের দাম বেড়ে যাওয়ায় এবার পাট চাষে ঝুঁকেছেন উপজেলার কৃষক। অনেক কৃষক বলছেন, পাটচাষিদের সুদিন ফিরেছে। চাটমোহর কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে চাটমোহরে দেশি ১৩৫ হেক্টর, তোষা ৮ হাজার ৪৪৫ হেক্টর এবং মেস্তাজাতীয় পাট আবাদ হয়েছে ১৪০ হেক্টর জমিতে।

উপজেলার আড়িংগাইল গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস জানান, চলতি মৌসুমে চার বিঘা জমিতে পাট চাষ করেছেন তিনি। কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় এখনো কিছুটা সমস্যা হচ্ছে। কৃষক আ. ছাত্তার জানান, এক বিঘা জমিতে পাট চাষে প্রায় ১২ হাজার টাকা খরচ হয়। পাট উত্পাদন হয় প্রায় আট মণ। যার বাজার দর সর্বনিম্ন ২০ হাজার টাকা। এছাড়া বিঘাপ্রতি প্রায় ২ হাজার টাকার পাটকাঠি পাওয়া যাবে। গত বছর ভরা মৌসুমে প্রতি মণ পাট ২ হাজার টাকায় বিক্রি হলেও ক্রমশই দাম বাড়তে থাকে। সর্বশেষ ৬ হাজার টাকা মণ পাট বিক্রি হয়েছে। ফলে যারা ভরা মৌসুমে বিক্রি না করে রেখে দিয়েছিলেন তারা বিঘাপ্রতি প্রায় ৩০ হাজার টাকা লাভ পেয়েছেন।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ জানান, সত্যিই পাটচাষিদের সুদিন ফিরেছে। পাট চাষ করে কৃষক এখন অনেক লাভবান হচ্ছেন। আগামী দিনে খুব বেশি খড়া না হলে এবং আবহাওয়া পাট চাষের অনুকূলে থাকলে কৃষক পাটের ভালো ফলন পাবেন।