খুলনায় নারীসহ দুই জনের লাশ উদ্ধার

খুলনায় পৃথক দুটি স্থান থেকে নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী থেকে হাফিজুর রহমান গাজী (৪৮) ও রবিবার রাতে নগরীর খানজাহান আলী থানার মাতমডাঙ্গা গ্রাম থেকে খাদিজা আক্তার রুনুর (৩৮) লাশ উদ্ধার করা হয়। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক আজিজুর রহমান জানান, আশঙ্কাজনক অবস্থায় হাফিজুর রহমানকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার হাত ও পায়ের শিরায় লোহার রড ঢোকানো ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ডান চোখেও আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য টিপনা গ্রামের বাসিন্দা আজিজুল গাজী ও তার ছেলে জাহিদুল গাজীকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। অপরদিকে, রবিবার রাতে নগরীর খানজাহান আলী থানার মাতমডাঙ্গা গ্রাম থেকে খাদিজা আক্তার রুনু (৩৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী সিএনজিচালক মামুন পলাতক রয়েছে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, উভয় ঘটনায় মামলা হয়েছে।