সুজানগর উপজেলা খাদ্যগুদামের দেওয়াল ভেঙে হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। খাদ্যগুদামের দেওয়ালের আশপাশে বসবাসকারী পরিবারের লোকজন জানায়, গত তিন-চার বছর আগে প্রচণ্ড ঝড়ে ঐ দেওয়ালের পার্শ্ববর্তী একটি রেন্ট্রি কড়ই গাছ হেলে পড়ে। এতে দেওয়ালে ফাটল ধরার পাশাপাশি হেলে পড়ে। স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ বাবু বলেন, প্রতিদিন শত শত লোকজন ঐ দেওয়ালের পাশের রাস্তা দিয়ে উপজেলা পরিষদে যাতায়াত করেন। সেই সঙ্গে আশপাশের বাসিন্দারাও ঐ একই রাস্তা দিয়ে উপজেলা পরিষদ এবং সুজানগর পৌর বাজারে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন হেলে পড়া ঝুঁকিপূর্ণ ঐ দেওয়াল সংস্কার করা হয়নি। এমনকি হেলে পড়া গাছটিও কর্তনের উদ্যোগ নেওয়া হয়নি। এতে যে কোনো মুহূর্তে ঐ দেওয়াল ভেঙে এবং গাছটি উপড়ে পড়ে হতাহতের আশঙ্কা রয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার পারভেজ বলেন, দেওয়াল সংস্কার এবং গাছ কর্তনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ নির্দেশ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।