বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে উল্লাপাড়ায় দুই দলের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা গ্রামে কালু প্রামাণিকের বাড়িতে। আহতদের মধ্যে ছয় জনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাগলা গ্রামের লোকজন জানান, কালু প্রামাণিকের ছেলে মিন্টুর বিয়ে উপলক্ষ্যে শুক্রবার তাদের বাড়িতে উচ্চ স্বরে সাউন্ডবক্স বাজালে গ্রামের কয়েক জন তাদেরকে সাউন্ডবক্স বাজানো বন্ধ করতে বলে। এ নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে রোববার বৌভাতের অনুষ্ঠানে আবার দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে ১২ জন আহত হয়। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, কালু প্রামাণিকের পক্ষ থেকে তার বাড়িতে আসা লোকজনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।