টাইগ্রে ইস্যু ইথিওপিয়া ও ইরিত্রিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

টাইগ্রে ইস্যুতে এবার ইথিওপিয়া ও ইরিত্রিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। দেশ দুটির কোনো উচ্চপদস্থ কর্মকর্তা এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে খুব শিগিগরই টাইগ্রে অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে দুপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রবিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, টাইগ্রে অঞ্চলে সব ধরনের শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। অঞ্চলটি থেকে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সেনাদের অবরোধ তুলে নিতে হবে। ইথিওপিয়ার সেনাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, সেনারা টাইগ্রেতে যৌন নির্যাতন চালাচ্ছে ও অধিবাসীদের জোরপূর্বক বিতাড়িত করছে। টাইগ্রেতে গত নভেম্বর থেকে শুরু হওয়া এ সংঘর্ষে এখন পর্যন্ত হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। প্রাণভয়ে বহু মানুষ সুদানে পালিয়ে গেছে। চলমান সংঘাত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, স্থির চিত্র ও ভিডিও দেখে মনে হচ্ছে শত শত লোককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।