ধুনটে জনদুর্ভোগ লাঘবে উদ্যোগ নিন

একটি কালভার্টের অভাবে জনদুর্ভোগ চরমে। বছরের পর বছর এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তবু দেখার যেন কেউ নেই। বলছি বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের মাদারভিটা গ্রামের কথা। গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। নদীটি গ্রামটিকে দুভাগে ভাগ করেছে। এ নদীর ঘাটটি আশেপাশের দশ গ্রামের যাতায়াতের প্রধান পথ। নদীতে সেতু না থাকায় পানি মাড়িয়েই চলাচল করতে হয় এলাকাবাসীদের। কোনো কোনো বছর এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেন বাঁশের সাঁকো, সেই বছরগুলোতে কোনোরকমভাবে দুর্ভোগ কিছুটা লাঘব হয়। কিন্তু বেশিরভাগ সময়ই এলাকাবাসীকে পানি ডিঙিয়ে যাতায়াত করতে হয়। এছাড়া নদীর ঘাটের পূর্বপাশে রয়েছে জমির পানি নিষ্কাশনের একটিমাত্র খাল। এ খালে কালভার্ট না থাকায় এলাকাবাসীর দুর্ভোগ আরো দ্বিগুণ। শিশুদের স্কুলে যাতায়াত করতেও সমস্যা হয়। এছাড়া খাদ্য ও চিকিত্সার জন্য ধুনট উপজেলা সদরে যাওয়ার সময় এ নদীর ঘাটে এসে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। এলাকাবাসীর  কৃষি যন্ত্রপাতি, কীটনাশক, সার-ঔষধ, জমির ফসল ধান, পাট, ভুট্টাসহ শাকসবজি ও কাঁচামাল পরিবহন করতে এ খাল বড় বাধা। একটি কালভার্টের অভাবে রিকশা-ভ্যানের এ যুগে ধান-পাটসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস মাথায় নিয়ে পার করতে হয়। তাই মাদারভিটা ইছামতি নদীর ঘাটের পূর্বপাশের খালে একটি কালভার্ট নির্মাণ করা একান্ত প্রয়োজন।  বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আলী আরমান রকি

মাদারভিটা, ধুনট, বগুড়া