কৃষি ও কৃষক বাঁচাতে ঢাকার ধামরাইয়ে গত দুই বছরে সরকারি উদ্যোগে ১৪টি ধান কাটা ও মাড়াই মেশিন বা হারভেস্টর সরবরাহ করা হয়েছে। প্রতিটি ৩০ লক্ষাধিক টাকা মূল্যের ৫০ শতাংশ বা অর্ধেক মূল্য ভর্তুকী দিয়ে সরকার এসব মেশিন কিনে দেয়। ধান কাটা ও মাড়াই খরচ বাবদ কৃষকদের জন্য শতাংশপ্রতি খরচ ধার্য করা হয় ৬০-৭০টাকা। অথচ অনিয়ম করে প্রতি শতাংশ জমির ধান কাটা ও মাড়াই বাবদ কৃষকদের কাছ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার জানান, ঐ ইউনিয়নে কৃষকের কাছ থেকে শতাংশপ্রতি ১০০ টাকা আদায় করা হচ্ছে। আদায়কৃত অর্থের ৭০ টাকা নিচ্ছে মেশিন মালিক অতিরিক্ত ৩০টাকা যাচ্ছে বিশেষ ব্যক্তিদের পকেটে।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, সোমভাগ ইউনিয়নে হামিদ নামে এক মেশিন মালিকের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে কৃষকদের টাকা ফেরত দেওয়ানো হয়। তবে চৌহাট, কাওয়ালীপাড়া বা অন্য কোনো স্থানে অনিয়মের খবর তিনি পাননি। এ ধরনের খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।