মা হিসেবে পর্দায় অনেক ছেলেকে বিয়ে দিয়েছেন অভিনেত্রী মনিরা মিঠু। চরিত্রের প্রয়োজনে পুত্রবধূ পেয়ে তাকে কাঁদতেও হয়েছে অনেকবার। এবার সত্যিই তার ঘরে এসেছে পুত্রবধূ। গত ১৬ মে (রবিবার) মিঠুর ছেলের বিয়ে হয়েছে। বরযাত্রী ছিলেন মাত্র কয়েকজন। তাদের সবাই কোভিড-১৯ পরীক্ষা করিয়েই এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিয়ের পর শুভেচ্ছায় ভাসসে তার পরিবার।
মনিরা মিঠু গণমাধ্যমকে বলেন, ‘বাসায় একটা মেয়ে এসে আমার সংসারটা পূর্ণ করে দিল। মাথায় তেল দিয়ে দেওয়ার একজন মানুষ পাওয়া গেল। বিয়ের পরদিন সকালে নানা রকম খাবার টেবিলে সাজিয়ে মেয়ে আমাকে ঘুম থেকে তুলে খেতে ডেকেছে। খাবারের বহর দেখে যখন তাকে বললাম, মা, আমি প্রতিদিন শুটিংয়ের আগে এক টুকরা কেক আর এক কাপ চা খেয়ে বের হই। এসবেই আমার অভ্যাস হয়ে গেছে। শুনে মেয়ে অবাক! আমার মনে হয়েছে, আমার কষ্ট বোঝার একজন মানুষ পাওয়া গেল। নাটকে যখন ছেলে বিয়ে দিয়ে বউ আনতাম, তখন মনে হতো, বাসায় ফিরে যদি এ রকম একটা বউ আমার দরজা খুলে দিত! বলত, আম্মা হাত-মুখ ধুয়ে আসেন, আমি খাবার দিচ্ছি। এখন হয়তো গভীর রাতে শুটিং শেষে বলতে পারব মা রে, আমার জন্য একটু গরম পানি করে রেখো, এসে খাব। আমার দুই ছেলে ব্যস্ত থাকে। এখন তো কথা বলার জন্য একটা মেয়ে পেলাম।’
তিনি বলেন, ‘সহশিল্পীরা আমার আত্মার আত্মীয়। ছেলের বিয়েতে তাদের দাওয়াত করতে না পেরে নিজেরই খারাপ লেগেছে। যদিও পরিস্থিতির কারণেই সেটা সম্ভব হয়নি। ইচ্ছা আছে, রিসেপশনে সবাইকে দাওয়াত দেব। এই মুহূর্তে কেউ প্লিজ ভুল বুঝবেন না। ছেলে ও বউকে দোয়া করবেন সবাই।’
আমি মামা শশুর হয়ে গেলাম,সবাই আমার ভাগিনা'র জন্য দোয়া করবেন....❣️❣️????????
Posted by Tarequr Rahman Khan Tareq on Friday, May 21, 2021
ছেলের বিয়ের খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসছে মনিরা মিঠুর ছেলে ও ছেলের বউ। শুক্রবার তারেকুর রহমান খান তারেক ফেসবুকে স্টাটাস দিয়ে লিখেছেন, ‘আমি মামা শ্বশুর হয়ে গেলাম। সবাই আমার ভাগিনার জন্য দোয়া করবেন।’ তার কমেন্ট বাক্সে অন্য একজন লিখেছেন, ‘চমৎকার মুহূর্ত। অনেক অনেক দোয়া ও শুভকামনা।’
ঈদুল ফিতরে ২০টির বেশি নাটকে অভিনয় করেছেন মনিরা মিঠু। ‘যদি আমি না থাকি’, ‘পেপার গার্ল’, ‘তেজপাতা’, ‘দৌড়ের উপর ওষুধ নেই’, অ্যাওয়ার্ড’সহ কয়েকটি নাটক থেকে বেশ সাড়াও পেয়েছেন। প্রস্তুতি নিচ্ছেন নিয়মিত শুটিংয়ের।
ইত্তেফাক/বিএএফ