জনগণ যতদিন, দলও ততদিন থাকবে

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর গ্রেপ্তার অং সান সু চিকে গতকাল সোমবার প্রথমবারের মতো সশরীরে আদালতে হাজির করা হয়েছে। তার আইনজীবী তায়ে মং মং গণমাধ্যমকে বলেছেন, রাজধানী নেপিডোর আদালতে হাজির করার সময় সু চিকে দেখে সুস্থই মনে হয়েছে। শুনানির আগে সু চি তার আইনজীবীদের সঙ্গে আধা ঘণ্টার মতো মুখোমুখি বৈঠকও করেছেন। তিনি আইনজীবীকে বলেন, জনগণ যত দিন থাকবে, তত দিন তার দলও থাকবে।

গত ফেব্রুয়ারিতে সু চি গ্রেপ্তারের পর কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশা  তৈরি হয়। পরে জানা যায়, তাকে তার নেপিডোর বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে। সু চি ছাড়াও প্রায় ৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে ঐ অভ্যুত্থানের পর থেকে। সু চির বিরুদ্ধে দুটি আদালতে কয়েকটি মামলা করা হয়েছে, যেগুলোর বেশির ভাগই ছোটখাটো অভিযোগে। সু চির বিরুদ্ধে সবচেয়ে গুরুতর যে অভিযোগটি রয়েছে, তাতে দোষী সাব্যস্ত হলে তার ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। এর আগের শুনানিগুলোতে ৭৫ বছর বয়সি সু চিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি আদালতে উপস্থাপন করা হয়। অভ্যুত্থানের পর আদালতের প্রথম উপস্থিতিতে এই নোবেল বিজয়ী রাজনীতিক তার আইনজীবীকে বলেন, যত দিন জনগণ থাকবে, তত দিন তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিও (এনএলডি) থাকবে। সম্প্রতি জান্তা সরকারের নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে জালিয়াতির অভিযোগে এনএলডিকে বিলুপ্ত করা হবে।

২০ পুলিশ নিহত

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত রবিবার দেশটির পূর্বাঞ্চলীয় শান রাজ্যের একটি পুলিশ স্টেশনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অভ্যুত্থানবিরোধীরা পুলিশের চার সদস্যকে জিম্মি করে। পরে পুলিশ স্টেশনটিও পুড়িয়ে দেয় তারা। অন্য একটি বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে, কায়া রাজ্যে তাদের সঙ্গে সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১৩ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার জন। —রয়টার্স ও পার্স টুডে