২ জুন তপশিল ঘোষণা

লকডাউনের কারণে চার আসনের ভোটের তারিখ দেয়নি ইসি

করোনা পরিস্থিতির অবনতির কারণে সরকারি বিধিনিষেধ বা ‘লকডাউন’ আরেক দফা বাড়ায় চার সংসদীয় আসনে ভোটের তারিখ দেয়নি নির্বাচন কমিশন (ইসি)। আগামী দুই জুন কমিশন সভা শেষে এসব আসনের তপসিল দেবে ইসি। গতকাল সোমবার কমিশন বৈঠক শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, কমিশন লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনে উপ-নির্বাচন মধ্য জুলাইয়ে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামী ২ তারিখে কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্থগিত ইউপি ভোটের বিষয়েও ঐদিন সিদ্ধান্ত হবে।

সচিব বলেন, মধ্য জুলাইয়ে নির্বাচন করতে গেলে ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের ভোটের জন্য সংবিধান নির্ধারিত আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের পরিবর্তে আরো ৯০ দিন সময় বাড়াতে হবে। 

কুয়েতের একটি আদালতে ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার কারণে স্বতন্ত্র সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। ‘দ্বৈব দুর্বিপাক’ কারণ দেখিয়ে সংবিধান নির্ধারিত ২৭ এপ্রিলের পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এজন্য এ আসনে ভোটগ্রহণ করা যাবে ২৬ জুলাইয়ের মধ্যে। 

আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ মৃত্যুবরণ করায় সিলেট-৩ আসনটি ১১ মার্চ শূন্য হয়। করোনার কারণে এখানে সিইসি ৯০ দিন ভোটের সময় পিছিয়ে দিয়েছেন। তাই ৮ জুনের পরিবর্তে এ আসনে উপ-নির্বাচনের সময় আছে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

আওয়ামী লীগের প্রয়াত নেতা আসলামুল হকের ঢাকা-১৪ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।

আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল মতিন খসরু মৃত্যুবরণ করায় তার কুমিল্লা-৫ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।