যুক্তরাষ্ট্র প্রবাসী রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. জিল্লুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এক শোক বার্তায় ড. মোমেন বলেন, ড. জিল্লুর রহমান খানের সঙ্গে আমার ঘনিষ্ঠতা গড়ে উঠে লেখালেখির মাধ্যমে এবং বহুবিধ প্রফেশন্যাল সম্মেলনে। যদিও অনেক সময় আমাদের বিশ্লেষণে ভিন্নতা থাকত, তবে তিনি সব সময় ছিলেন গুণগ্রাহী ও অমায়িক।
জিল্লুর রহমান ছিলেন সত্যিকারভাবেই এক জন সার্থক শিক্ষাবিদ। তিনি অত্যন্ত সুনামের সঙ্গে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন। তার বড়ভাই বিশ্ববিখ্যাত স্থপতি ফজলুর রহমান বাঙালির এক অনন্য গর্ব, যিনি তত্কালীন আমেরিকার সব চেয়ে উঁচু সিয়ার্স টাউওয়ার তৈরিতে অমরত্ব লাভ করেন। ড. জিল্লুর রহমান খানের মৃত্যুতে আমরা এক জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানীকে হারালাম।
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।