ওসমানী হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য ১০ হাজার লিটার অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এ হাসপাতালকে ৯০০ থেকে ২ হাজার বেডে উন্নীতকরণেরও সিদ্ধান্ত গৃহীত হয়। করোনা মহামারির সময় এমন একটি সিদ্ধান্তকে সিলেটের অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে রবিবার ব্যবস্থাপনা কমিটির ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে সিলেটের শাহী ঈদগাহসংলগ্ন সংক্রামক ব্যাধি হাসপাতাল চত্বরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২য় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর স্থান পরিদর্শন করে ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সভায় জানানো হয়।

সভায় ওসমানী মেডিক্যাল হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারকে উত্সাহিত করার সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি হাসপাতাল চত্বরে একই সঙ্গে পাঁচটির বেশি বেসরকারি অ্যাম্বুলেন্স না রাখার সিদ্ধান্ত হয়।  সভায় জানানো হয়, সিলেট বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের বিষয় প্রক্রিয়াধীন আছে।