রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় এক দিনে ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত মারা গেছেন এসব রোগী। যাদের বেশির ভাগই পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীর হার আশঙ্কাজনক হারে বাড়ছে। আক্রান্তদের মধ্যে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট রয়েছে বলে চিকিত্সকরা জানান।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃতদের মধ্যে আইসিইউতে চার জন ও বিভিন্ন ওয়ার্ডে ছয় জন চিকিত্সাধীন ছিলেন। সোমবার দুপুর পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে ১৬৮ রোগী ভর্তি রয়েছেন। তিনি আরো বলেন, ঈদের পর থেকে হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আক্রান্তদের হাসপাতালে জায়গা দেওয়া যাচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার কিছু অংশে করোনা ব্যাপক আকার ধারণ করেছে। তবে বর্তমানে নতুন আগত রোগীদের বেশির ভাগই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
হাসপাতাল সূত্র জানায়, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের কোহিনুর (৫৪), ইসমাইল (৭০), মসলেম (৯০), রাজশাহী মহানগরীর বোয়ালিয়ার হোসনে আরা (৬৭), গোদাগাড়ীর মর্জিনা খাতুন (৫৫) ও পলি বেগম (৫৫) এবং দুর্গাপুরের শাহিদা বেগম (৪৮), পাবনার মকবুল হোসেন (৭৫), নওগাঁর সাপাহারের মান্নান (৬৪) রয়েছেন।