দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস

আজ দেশের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ মঙ্গলবার (২৫ মে) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে আজ সকাল ৯টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

তবে পরবর্তী তিনদিনে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে।

ইত্তেফাক/জেডএইচডি