‘ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে রয়েছি’

 বিনোদন ডেস্ক

 

বর্তমানে বলিতারকা জ্যাকুলিন ফার্নান্দেজের হাতে রয়েছে একাধিক বিগ বাজেটের সিনেমা। এর মধ্যে ‘সার্কাস’ সিনেমায় রণবীর সিং, ‘ভুত পুলিশ’ সিনেমায় সাইফ আলী খান, ‘কিক টু’ সিনেমায় সালমান খান, ‘অ্যাটক’ সিনেমায় জন আব্রাহাম ও ‘বচ্চন পান্ডে’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে তাকে। করোনার কারণে সিনেমাগুলোর শুটিং বন্ধ থাকলেও তিনি যুক্ত রয়েছেন করোনায় সহযোগিতাসহ নানা সামাজিক কাজের সঙ্গে। আর সেই কাজগুলোর আপডেট নিয়মিতই জানান দিচ্ছেন সামাজিক যোগাগোগ মাধ্যমে। এর আগে করোনায় কাবু বলিউড সহকর্মীদের সহযোগিতায় এগিয়ে আসে তিনি। তবে এবার তিনি দেশটির পুলিশ বাহিনীর পাশে দাঁড়িয়ে শিরোনামে এসেছেন। জ্যাকুলিন বলেন, ‘এখন আমরা যে সময় পার করছি তা সত্যি অনেক হতাশার। জীবন বাঁচানো এখানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভাইরাসটি মোকাবেলায় আমাদের একে অন্যের পাশে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। আসুন সবাই সহযোগিতা পরায়ণ হই।’ নিজের ক্যারিয়ারে একসঙ্গে এতগুলো বিগ বাজেটের সিনেমায় কাজ প্রসঙ্গে এই শ্রীলঙ্কান সন্দরী আরো বলেন, ‘আমি শুরু থেকেই অনেক ধৈর্য্য আর পরিশ্রম করে আজকের অবস্থানে এসেছি। দর্শকরাও আমাকে সেই সুযোগ দিয়েছেন বলে নির্মাতারা আমার ওপর আস্থা রাখতে পেরেছেন। আমার মনে হয় এখন আমি ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে রয়েছি। এই সিনেমাগুলো মুক্তি পেলে শুধু আমার ক্যারিয়ারে নয়, ইন্ডাস্ট্রির সফলতার পাল্লায়ও নতুন কিছু যোগ করবে। কারণ সিনেমাগুলো ভালো বাজেট, ভালো গল্প আর তারকা নির্ভর। একজন নির্মাতার একটি ভালো কাজের জন্য যা খুবই সহায়ক।’