শেয়ারবাজারে বড় উত্থান

লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়াল

ইত্তেফাক রিপোর্ট  

মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি দেশের শেয়ারবাজারে লেনদেনের গতিও বেশ বেড়েছে। নিয়মিত হাজার কোটি টাকার ওপরে লেনদেন হচ্ছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। গতকাল মঙ্গলবার বাজারটিতে লেনদেনের পরিমাণ ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

এর আগে গত ১৯ মে বাজারটিতে ২ হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছিল। সেই হিসাবে চলতি মাসের দুই কার্যদিবস ডিএসইতে ২ হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। তার আগে চলতি বছরের ১৭ জানুয়ারি ২ হাজার কোটি টাকার ওপরে লেননেদ হয়েছিল।

গতকাল লেনদেনের পাশাপাশি ডিএসইতে প্রধান মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থান হয়েছে। মূল্যসূচকের এই উত্থানে প্রধান ভূমিকা রেখেছে ব্যাংক ও বিমা খাতের কোম্পানিগুলো। দুই বাজারেই সিংহভাগ ব্যাংক ও বিমা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

গতকাল দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮৪ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক দশমিক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ২ হাজার ১৭০ পয়েন্টে নেমে গেছে।

বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত সূচকের পতন হলেও প্রধান মূল্যসূচকের বড় উত্থানের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে ব্যাংক ও বিমা খাতের কোম্পানিগুলো। ডিএসইতে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২৮টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দুটির শেয়ার দাম কমেছে। আর একটির ুদাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে বিমা খাতে তালিকাভুক্ত ৫০টি কোম্পানির মধ্যে ৪২টির শেয়ারের দাম বেড়েছ। বিপরীতে দাম কমেছে ৬টির। আর দুটির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

ব্যাংক ও বিমা কোম্পানিগুলোর এই দাপটের মধ্যে ডিএসইতে সব খাত মিলে দিনভর লেনদেনে অংশ নেওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫০টির এবং ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮ কোটি ৮২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৮২০ কোটি ৭ লাখ টাকা। সেই হিসাবে লেনেদেন বেড়েছে ১৮৮ কোটি ৭৫ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৪১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৫৩ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এনআরবিসি ব্যাংক।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—প্রাইম ব্যাংক, গ্রীণ ডেল্টা ইনসিওরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেব্লস, সাইফ পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, পাইওনিয়ার  ইনসিওরেন্স ও ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৩৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৩০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৯টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে।