ইত্তেফাক রিপোর্ট
বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে ফ্রুট ড্রিংকস, কার্বনেটেড বেভারেজসহ বিভিন্ন পণ্য উত্পাদন ও বিক্রির অপরাধে আশুলিয়ার গ্রুপ ৫০ এগ্রো ফুডস অ্যান্ড বেভারেজে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। কারখানাটি সীলগালা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উক্ত প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণে বাধ্যতামূলক পণ্যের তালিকাভুক্ত লিচি ফ্লেভার্ড ড্রিংকস, ম্যাংগো ফ্লেভার্ড ড্রিংকস, মুড়ি, সয়াবিন তেল, চিলি পাউডার, টকলেটসহ বিভিন্ন পণ্য উত্পাদন ও বাজারজাত করে আসছিল। কিন্তু এসব পণ্যের উত্পাদন ও বাজারজাত করার জন্য বিএসটিআই থেকে কোনো ধরনের মানসনদ গ্রহণ করা হয়নি। এমনকি মানসনদ গ্রহণের আবেদনও করা হয়নি। অভিযানে এসব পণ্যের বিপুল পরিমাণ মোড়ক ও খালি বোতল জব্দ করা হয়। প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জরিমানা ও মামলা করা হয়।