বিজিএমইএ গার্মেন্টস ভিলেজের জমি ইজারা চুক্তির চেক হস্তান্তর

ইত্তেফাক রিপোর্ট

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সঙ্গে বেজা কার্যালয়ে সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে বিজিএমইএ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে প্রস্তাবিত গার্মেন্ট ভিলেজে জমি বরাদ্দপ্রাপ্ত বিজিএমইএ সদস্যভুক্ত আটটি পোশাক কারখানার অনুকূলে ৫২ একর জমির বরাদ্দের ইজারা চুক্তি (ল্যান্ড লিজ এগ্রিমেন্ট) সম্পন্ন করার জন্য ১৫ কোটি ৮৫ লাখ টাকার চেক বেজার নির্বাহী চেয়ারম্যানকে হস্তান্তর করেন। এসময় বিজিএমইএ সভাপতি আশা প্রকাশ করেন, এই শিল্পপার্কে আন্তর্জাতিক মানসম্পন্ন পোশাক কারখানা গড়ে উঠবে এবং এগুলো বিপুল কর্মসংস্থানের সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। এ সময় বিজিএমইএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন ও সহ-সভাপতি মিরান আলী ।

উল্লেখ্য, গত ১৫ মার্চ বিজিএমইএ কর্তৃক আবেদনকৃত ৫৯টি কারখানার মধ্যে ৪১টি কারখানার অনুকূলে ২৩৯ একর জমি বরাদ্দপ্রাপ্ত বিনিয়োগকারীদের সঙ্গে বেজা কর্তৃক জমি ইজারা চুক্তি সম্পন্ন হয়েছে। ২৯১ একর জমির ইজারা চুক্তি সম্পন্ন করার জন্য এ পর্যন্ত বিজিএমইএ সর্বমোট ২০৮ কোটি ৯৮ লাখ টাকা বেজাকে পরিশোধ করেছে।