ডরমেটরি নির্মাণের উদ্যোগ এম এ আজিজ স্টেডিয়ামে

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়ামে এবার ডরমেটরি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেডিয়ামের পূর্ব গ্যালারির দ্বিতীয় তলায় এ ডরমেটরি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ পরামর্শক প্রকৌশলী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সম্প্রতি ডরমেটরি নির্মাণের স্থান পরিদর্শন করেন। পরে তারা সিজেকেএস সম্মেলন কক্ষে সভায় মিলিত হন। এতে প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে সিজেকেএস সম্পাদক বলেন, খেলোয়াড়, কর্মকর্তা, দলের কোচ, প্রশিক্ষকসহ ক্রীড়া সংশ্লিষ্টদের থাকার জন্যই এই ডরমেটরি নির্মাণের পরিকল্পনা। ডরমেটরি নির্মিত হলে বিভিন্ন লীগ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়-কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা করা যাবে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নে জাতীয় ক্রীড়া কাউন্সিলের নির্দেশনা মানা হচ্ছে।