জন্মদিনে জাতীয় কবি নজরুল স্মরণ

ইত্তেফাক রিপোর্ট

গণমানুষের প্রিয় কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মদিন হূদয়ের উষ্ণতায় স্মরণ করল পুরো জাতি। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তবে করোনা ভাইরাস মহামারির কারণে এবার জনসমাগম সীমিত রাখতে হয়েছিল। সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুল একাডেমি, জাতীয় জাদুঘর, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এ সময় কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মহামারিকালে এবার জাতীয় কবির জন্মদিনে বড় কোনো আয়োজন না থাকলেও গতকাল মঙ্গলবার রাতে অনলাইনে আন্তর্জাতিক নজরুল চর্চাকেন্দ্র ও ছায়ানট নজরুল স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।

কবি নজরুলের জন্মজয়ন্তীতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সকালে কবি নজরুলের কবরে পুষ্পস্তবক অর্পণ করে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘আমাদের সব ঝড়ঝঞ্ঝা দূর করার জন্য তিনি সব সময় বিজয়ের গান গেয়েছেন। ’সকালে নজরুল সমাধিতে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

এছাড়া আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাসদ, বাসদ, ন্যাপ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, গ্রন্থাগার অধিদপ্তর, জাতীয় কবিতা পরিষদ, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় কবির সমাধিতে।