ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। গুলশান জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব জানান, রবিবার শাহজাহানপুর থানার টিটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিজান মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এদিকে পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ সূত্র জানায়, ঐদিন শিল্পাঞ্চল থানার বিএফডিসি এলাকায় অভিযান চালিয়ে কালাম, সাব্বির, সেলিম ও সোহেলকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে গোয়েন্দা রমনা জোনাল টিম উত্তর বাড্ডা হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ নাফিস ও শাকিলকে গ্রেফতার করে পুলিশ।