হোমনা ও কচুয়ায় বজ্রপাতে তিন জনের মৃত্যু

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় সোমবার গভীর রাতে কাঁঠালীয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জনের প্রাণ গেছে। এ সময় আহত হন আরো দুই জন। নিহতরা হলেন—উপজেলার জগন্নাতকান্দি গ্রামের আলমগীর (৩৮) ও টিটু চন্দ্র দাস (১৫)। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভুঁইয়া বলেন, রাতে আলমগীর ও টিটু গ্রামের পাশের কাঁঠালীয়া নদীতে মাছ ধরতে যায়। পরে বজ্রপাতে ঘটনাস্থলে দুজনই মারা যান। গুরুতর আহত হয় তাদের দুই সহযোগী। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই জনের লাশ দাফন ও সত্কারের জন্য স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা জানান, সোমবার রাত ৮টার দিকে বজ্রপাতে মারা গেছেন উপজেলার মেঘদাইর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (২৮)। বৃষ্টি শুরু হলে রাত ৮টার দিকে শ্বশুরের জমির আল বেঁধে পানি আটকাতে গেলে বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।